মোঃ তাহমিদুর রহমান,জাবি প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে নির্বাচন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন ইতোমধ্যে ছুটি ঘোষণা করেছে।
নির্বাচনী ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করলেও, যারা আবাসিক হলগুলোতে অবস্থান করছেন—তাদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “নির্বাচনী ছুটিতে যারা ক্যাম্পাসে অবস্থান করছেন, তাদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। স্বাভাবিক সময়ে যেভাবে প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে, ছুটির সময়েও একইভাবে সেই ব্যবস্থা কার্যকর থাকবে।”
তিনি আরও জানান, “পাশাপাশি পুরো ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা সহিংস পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীকে অবহিত করা হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনে শিক্ষার্থীরা সরাসরি প্রক্টরিয়াল টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”
