নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে আইনানুগ পদক্ষেপের দাবি জাকসুর

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, পোলিং এজেন্ট ও নেতাকর্মীদের ওপর হামলা, দমন-পীড়ন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম ও বিভিন্ন সূত্রের বরাতে তারা উল্লেখ করে বলা হয়, রংপুরে ৭টি, পঞ্চগড়ে ৩০টির অধিক এবং কুড়িগ্রামে অন্তত ৪টি স্থানে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, দিনাজপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ উঠেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনায় জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী, সমর্থক ও পোলিং এজেন্টদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।নোয়াখালীর হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে এক গৃহবধূকে সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের বিষয়টিকে বিশেষভাবে উদ্বেগজনক উল্লেখ করে জাকসু। তারা বলেন, অতীতে সুবর্ণচরে সংঘটিত অনুরূপ ঘটনার স্মৃতি এ ঘটনাকে আরও বেদনাদায়ক করে তুলেছে। এ ধরনের নৃশংসতা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী।

এছাড়া দৈনিক ‘আমার দেশ’-এর সাংবাদিক মোহাম্মদ আসাদুল্লাহকে তাঁর বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগকে গণমাধ্যমের স্বাধীনতা ও মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয় বিবৃতিতে।

জাকসু মনে করে, নির্বাচন-পরবর্তী সহিংসতা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতার জন্য অশনিসংকেত। একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনালগ্নে এ ধরনের অস্থিরতা কাম্য নয় বলেও মন্তব্য করেন তারা।

বিবৃতিতে প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় ছাত্র-জনতা দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ও স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় শক্ত ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *