নোয়াখালীর হাতিয়ায় নারী ধর্ষণের প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোট প্রদানকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এবং সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এর মধ্যে ছিল— “কর্মীরা ধর্ষণ করে, দেশনেতা কী করে”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই”, “ভিন্নমতে হামলা কেন, ইন্টেরিম জবাব দে” প্রভৃতি।

মিছিল-পরবর্তী সমাবেশে জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে শরিক কোনো দল যেন ভুল পথে না যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানর কাছে আহ্বান জানাচ্ছি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ রাখতে। যারা এ ধরনের সহিংস আচরণে জড়িত, তাদের শিক্ষার্থী ও সাধারণ জনগণ মিলে প্রতিহত করবে।”

প্রতিবাদ কর্মসূচির সমাপনী বক্তব্যে জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দীন আয়ান হাতিয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “যেকোনো ধরনের সহিংসতা, লুটপাট ও নারীর প্রতি পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে বিতাড়িত করতে ৩৬ দিন সময় লেগেছে। এখন নতুনভাবে কেউ ফ্যাসিস্ট আচরণ করলে তাদের পতনে ৩৬ ঘণ্টাও লাগবে না।”

এ সময় প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা এবং পরিবহন সম্পাদক তানভীর রহমান।

এ ছাড়া ছাত্রশক্তির অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য দেন। তারা দেশজুড়ে চলমান সহিংসতা ও নারীর প্রতি নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভিন্নমতের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *