রাবি প্রতিনিধি :
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখার ৮ম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হয়েছেন উজানী চাকমা এবং শামীন ত্রিপুরা সাধারণ সম্পাদকে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া হলরুমে সংগঠনটির সদ্যবিদায়ী সভাপতি সমু চাকমা এ কাউন্সিল ঘোষণা করেন।
পার্বত্য চট্টগ্রামের ন্যায্য দাাবি পূর্ণস্বায়ত্তশাসন মেনে নাও’ এই দাবিকে সামনে রেখে এবং ‘বুদ্ধিবৃত্তিক জ্ঞান অর্জন ও উৎকর্ষ চেতনায় উজ্জীবিত হয়ে শাসকশ্রেণির জাত ধ্বংসের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে গিয়ে আসুন, জাতীয় অস্তিত্ব রক্ষার্থে আপসহীন সংগ্রামে শামিল হই!’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির রাবি শাখার এবারের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
নতুন কাউন্সিল গঠন শেষে সংগঠনটির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক রুপসী চাকমা বলেন,” নারীদের নেতৃত্বে আসা এখনও সামাজিকভাবে কঠিন হলেও বর্তমান পরিস্থিতিতে অধিকার আদায়ের আন্দোলনে ছাত্র, যুব ও নারী সমাজকে আরও সক্রিয় হতে হবে।”
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা তার বক্তব্যে রাজনৈতিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন,” পার্বত্য চট্টগ্রামের জনগন অনেক দলকে রাষ্ট্রক্ষমতায় দেখেছে। কিন্তু যেই দলই ক্ষমতায় বসেছে, পার্বত্য চট্টগ্রামে জুম্মদের অধিকার প্রদানের প্রসঙ্গে একই পলিসি অনুসরণ ও বাস্তবায়ন করেছে। জুম্মদের ভাগ্য বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। গত চব্বিশের জুলাই আন্দোলনের পর কিছুটা প্রত্যাশার সঞ্চার হলেও দিনশেষে কেউই উগ্র বাঙ্গালি জাতীয়তাবাদের খোলস থেকে বের হতে পারেনি। তাই আমাদের রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠতে হবে।”
এর আগে বিদায়ী সভাপতি সমু চাকমা কাউন্সিলের ১ম অধিবেশন সমাপ্ত করেন এবং ২য় অধিবেশনের শুরুতে ৭ম কমিটি বিলুপ্ত করে নবগঠিত কমিটি প্রস্তাব করেন। এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।
