যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন
সীমিত ছুটিতে দূরপাল্লার যাতায়াত ভোগান্তি, ভোটের পরপরই সেমিস্টার পরীক্ষা এবং আর্থিক সংকটসহ নানা কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রায় তিনশত শিক্ষার্থী। যেখানে অধিকাংশ শিক্ষার্থী বলেছেন এটা তাদের জীবনের প্রথম ভোট হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবির ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলসহ মোট ছয়টি হলে বর্তমানে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন মেসেও নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী থেকে গেছেন।
নিজ নিজ এলাকায় ফিরে ভোট দিতে না যাওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীরা জানান, ভোটগ্রহণের দুই–তিন দিনের মধ্যেই বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, পটুয়াখালীর মতো দূরবর্তী অঞ্চলে স্বল্প ছুটিতে যাতায়াত করা বেশ কষ্টসাধ্য হওয়ায় অনেকেই বাড়ি যেতে পারছেন না।
হলে অবস্থানরত লক্ষ্মীপুর জেলার এক শিক্ষার্থী অয়ন বলেন, আমার গ্রামের বাড়ি যশোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। আসা–যাওয়ায় প্রায় দুই হাজার টাকা খরচ হবে। মাত্র পাঁচ–ছয় দিনের ছুটিতে এত দূরে যাতায়াত করাটা ভোগান্তির। সামনে আবার রোজার ঈদের ছুটিও রয়েছে। সব মিলিয়ে ভোট দিতে বাড়ি যাওয়া সম্ভব হয়নি।
হলে অবস্থানরত ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ভোটের পরপরই আমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হবে। আমার বাড়ি ময়মনসিংহ হওয়ায় যাতায়াতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। অল্প এই কয়দিনের ছুটিতে এত লম্বা সফর করে বাড়ি গিয়ে আবার ফিরে এসে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে যাবে। তাছাড়া আমার টিউশনিও আছে। প্রথম ভোট হিসেবে ও দেশের অন্যান্য দিক বিবেচনা করে এই ভোটটা অনেক গুরুত্বপূর্ণ ছিলো, কিন্তু নানা কারণে যেতে পারছি না।
