মাভাবিপ্রবি প্রতিনিধি :
ভোটকে কেন্দ্র করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বাড়ি ফেরা হয়ে উঠেছে চরম দুর্ভোগের। এর আগে ভোটকালীন সময়ের মধ্যেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা নির্ধারিত থাকায় শিক্ষার্থীদের বাড়ি ফেরা ও ভোট প্রদান নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা স্থগিত করলেও ভোটের সময় নিরাপদ যাতায়াত নিশ্চিত ও দুর্ভোগ কমাতে একদিনের জন্য বিভাগীয় বাস চালুর দাবি জানান শিক্ষার্থীরা।
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া না পাওয়ায় শিক্ষার্থীরা নানামুখী বিড়ম্বনার মুখে পড়ছেন। ভোট উপলক্ষে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে মানুষের বাড়ি ফেরার ঢল নামায় বাস ও ট্রেনে তিল ধারণের জায়গা নেই। আগে থেকে ছুটির বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত না থাকায় অনেক শিক্ষার্থী অগ্রিম টিকিট কাটতে পারেননি। ফলে বাইপাস ও বিভিন্ন বাস কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও লোকাল বাসে জায়গা না পাওয়ার অভিযোগ করেছেন তারা।
এ অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন মাভাবিপ্রবির শিক্ষার্থীরা। উপায় না পেয়ে কেউ কেউ বাসের ছাদে, আবার কেউ ট্রাকযোগে জীবনের ঝুঁকি নিয়ে অনিরাপদভাবে বাড়ি ফিরছেন। বিশেষ করে দূরবর্তী এলাকার নারী শিক্ষার্থীরা অতিরিক্ত ভিড়ের মধ্যে শারীরিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। তারা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাসের ব্যবস্থা করা হলেও মাভাবিপ্রবি প্রশাসন সে ধরনের উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ভোটকালেই নয়—ঈদ ও পূজার ছুটিতে বাড়ি ফেরার সময়ও তাদের একই ধরনের ভোগান্তি ও বিড়ম্বনার মুখে পড়তে হয়।
