মেহেদী হাসান রিপন স্টাফ রিপোর্টার: যশোরের জনাকীর্ণ চাচড়া ডালমিল এলাকায় ঘরের নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে ইসমাইল হোসেন নয়ন (২৮) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে তেঁতুলতলা এলাকার একটি ভাড়া বাড়িতে এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।আহত নয়ন সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের নজিবার রহমানের ছেলে। তিনি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসে কর্মরত এবং চাকরির সুবাদে যশোরের ওই বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে নয়ন যখন নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন, তখন দুই ছিনতাইকারী জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। নয়ন জেগে উঠে তাদের বাধা দিতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে নয়নের পেটের বাম পাশে ও কাঁধে একাধিক আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। যাওয়ার সময় তারা নয়নের একমাত্র মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
আহতের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নয়নের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির উদ্দেশ্যেই এই হামলা নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।শহরের আবাসিক এলাকায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
