মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের তিনটি উপজেলায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মণিরামপুর, বাঘারপাড়া ও সদর উপজেলায় রাজনৈতিক বিরোধ, পূর্ব শত্রুতা এবং জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে। আহতদের সকলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মণিরামপুরে রাজনৈতিক সংঘাত: আহত ৬
মণিরামপুর উপজেলার জালঝাড়া মাদ্রাসা এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি সমর্থিত ৬ কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে নির্বাচনী অর্থ বিতরণকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে এই হামলা চালানো হয়। আহতরা: মঈন সরদার (৫৫), আসাদুজ্জামান রিপন, মেহরাব হোসেন, মতিয়ার সরদার, ইয়াসিন আলী ও আতিয়ার সরদার। অভিযোগ অনুযায়ী, অ্যাডভোকেট ওয়াদুদের নেতৃত্বে একদল লোক জিআই পাইপ দিয়ে অতর্কিত এই হামলা চালায়। গুরুতর আহত মঈন সরদারকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাঘারপাড়ায় হাতুড়ির আঘাতঃ বাঘারপাড়ার রায়পুর বাজার এলাকায় গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া আরেকটি নৃশংস ঘটনায় বিকাশ দেবনাথ (৫২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে প্রকাশ্য দিবালোকে এক চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। হামলাকারী: স্থানীয় আজিত ও তার ছেলে রনি।পূর্ব শত্রুতার জেরে বিকাশের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সদর উপজেলা:শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মুনসেপপুর গ্রামে মাদ্রাসার জমি ও ভবন ভাঙা নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আহতরা হলেন: মো. আব্দুর রশিদ (৫৩), ইউসুফ (৫২), ইব্রাহিম খলিল (৪৫) ও জেসমিন (৪৫)। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান জানিয়েছেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
