যশোরে ‘ফ্রিল্যান্সার’ পরিচয়ে ফ্ল্যাট ভাড়া: ডিবি’র অভিযানে আটক ৮, রহস্যের জালে পরিচয়

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি বিশেষ অভিযানে আটজন যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিচালিত এই ঝটিকা অভিযানের পর থেকে পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ও রহস্য সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকেই ঘোপ বউবাজার এলাকায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনাগোনা লক্ষ্য করা যায়। বিকেল গড়াতেই ঢাকার ডিবি এবং যশোর কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম যৌথভাবে ওই এলাকার একটি তিনতলা ভবনে অভিযান শুরু করে।

ভবনটির কেয়ারটেকার কেদু জানান, দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পুলিশ দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। অভিযানের একপর্যায়ে ওই ফ্ল্যাট থেকে আটজন যুবককে আটক করে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্থানীয়দের বা কেয়ারটেকারকে আটকের কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।ভবন মালিক নাজিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকদের তিনি এক অদ্ভুত তথ্য দেন। তিনি জানান, প্রায় ছয় মাস আগে ওই যুবকরা তার ফ্ল্যাটটি ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তারা নিজেদের ‘ফ্রিল্যান্সার’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ ছয় মাস তারা সেখানে অবস্থান করলেও মালিক তাদের কারো নাম বা সঠিক পরিচয় জানেন না বলে দাবি করেছেন।

যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,”ডিবি হেডকোয়ার্টার থেকে একটি বিশেষ টিম যশোরে অভিযানে এসেছিল। আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা করেছি। অভিযান শেষে আটককৃতদের সরাসরি ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এটি একটি বিশেষ অপারেশন ছিল বিধায় আমাদের বিস্তারিত কিছু জানানো হয়নি।”এদিকে, আটকদের পরিচয় কিংবা অপরাধের ধরন প্রকাশ না করায় স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। বিশেষ করে, জাতীয় পরিচয়পত্র বা সঠিক তথ্য ছাড়া কীভাবে আটজন যুবক দীর্ঘদিন একটি ফ্ল্যাটে বসবাস করল, তা নিয়ে ভবন মালিকের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এটি বড় কোনো সাইবার অপরাধ নাকি অন্য কোনো গোপন তৎপরতা, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *