রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন , বহিষ্কৃত দুই



‎রাবি প্রতিনিধি
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুই শিফটে এই ভর্তি পরীক্ষা শেষ হয়। বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি উপকেন্দ্রে একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন ডিজিটাল ডিভাইস সাথে রাখা ও ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কো-অর্ডিনেটর অধ্যাপক বেলাল হোসেন।

‎আটকৃত ওই দুই পরীক্ষার্থীর নাম জিএম সরোয়ার ও আনিকা তাসনিম মৌ। এর মধ্যে জিএম সরোয়ার রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে প্রথম শিফটের পরীক্ষার্থী ছিলেন এবং মৌ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয় শিফটের পরীক্ষার্থী ছিলেন।

‎বেলাল হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সরোয়ারের নিকটে মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার পাওয়া গেলে তাকে আটক করা হয়। অন্যদিকে মৌ এর কাছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হয়।

‎ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও বহিষ্কার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘বড় ধরণের কোনো ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দুজন শিক্ষার্থীর কাছে ডিজিটাল ডিভাইস পাওয়ায় উভয়কেই বহিষ্কার করা হয়েছে।’

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এই ইউনিটে এক হাজার ৮৯৭ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি।
‎আগামী ২৪ জানুয়ারী বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *