হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘১৫তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৬’-এর আঞ্চলিক রাউন্ড সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রসায়ন বিভাগের আয়োজনে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বলারাম রায়।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নিজস্ব কক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন কলেজের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান প্রফেসর ড. বলারাম রায় বলেন,
“রসায়ন অলিম্পিয়াড শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তোমাদেরকে আরও দক্ষ হয়ে উঠতে হবে।”
পরবর্তীতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা ও আগ্রহ বিকাশের সুযোগ সৃষ্টি করে এবং দেশের বিজ্ঞান শিক্ষাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এর ফাইনাল রাউন্ড।
