মোহাম্মদ বায়জিদ হোসাইন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একাধিক বিভাগে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে বিএমইউ।
প্রতিযোগিতার ফলাফলে দেখা যায়, নজরুল সঙ্গীত ও আবৃত্তি—এই দুই বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এছাড়া শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র সঙ্গীত—উভয় বিভাগে প্রথম রানারআপ হয়ে নিজেদের প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তারা।
‘সপ্তক ব্যাটল অব সিম্ফনি ১.০’ শীর্ষক এই আয়োজনে বিজয়ী ও কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়টির এই অর্জনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের এমন কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছি। এখন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ক্লাবের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও আমাদের সদস্যরা এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।”
