রাবিতে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা

রাবি প্রতিনিধি, মো, আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন অনুষদ ও বিভাগে শাস্ত্রীয় বিধান মেনে দেবীর আরাধনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, এ বছর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে মণ্ডপ সাজিয়েছেন। সব মিলিয়ে এ বছর ক্যাম্পাসে মোট ৪৫টি মণ্ডপে দেবীর পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়।

পূজা পরিদর্শনকালে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সরস্বতী পূজার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । এই উৎসবের আবহ, উচ্ছলতা ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত যেন সবসময় বজায় থাকে এই প্রত্যাশাই আমাদের। আজকের আয়োজন শিক্ষার্থীদের মনে বিদ্যার প্রতি অনুরাগ সৃষ্টি করবে এবং তাদের জীবন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

‎বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন (প্রশাসন) বলেন, সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির আয়োজিত বিভিন্ন কার্যক্রম আজ আমরা পরিদর্শন করেছি। আজকের এই আয়োজন সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হবে এবং এর একটি সফল সমাপ্তি ঘটবে এটাই আমাদের প্রত্যাশা।
এবারের পূজা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ছিল অন্যরকম এক উন্মাদনা। ফলিত গণিত বিভাগের নবীন শিক্ষার্থী অমিত কুমার মল্লিক বলেন, “এবারই প্রথম মায়ের সাথে ক্যাম্পাসে পূজা কাটানোর সুযোগ হলো। আমি যেহেতু গান লিখি ও সুর করি, তাই দেবীর কাছে সৃজনশীল শক্তির জন্য আশীর্বাদ চেয়েছি।”
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় রীতি অনুসারে, প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *