হাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৮১%

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনাজপুর ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘এ’ ইউনিটের মাধ্যমে কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়— সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা, ১১টা ৩০ মিনিট থেকে ১টা এবং দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিটি শিফটে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। মোট আবেদনকারী ছিলেন ৩০ হাজার ২৭৫ জন।

এই ইউনিটে আসন সংখ্যা কৃষি অনার্সে ৩৭৫, মৎস্যবিজ্ঞান অনার্সে ৮০ এবং ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞান (ডিভিএম) এ ৮০। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন বহু ভর্তিচ্ছু শিক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করে। দিনাজপুর রেলস্টেশন থেকে ক্যাম্পাসে ভোর থেকে বাস চলাচল করে এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীদের শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, “আজকের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮০ শতাংশের ওপরে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহা বলেন, “পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অনিয়ম, অনৈতিক কার্যকলাপ বা ডিভাইস ব্যবহার ধরা পড়েনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *