রাবি প্রতিনিধি, মো. আতিকুর রহমান
চলমান নির্বাচনী প্রচারণায় দেশব্যাপী নারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
এ সময় শাখা ছাত্রীসংস্থার পক্ষ থেকে দেশব্যাপী নারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় নিন্দা ও সাতটি দাবি জানায়।দাবিগুলো হলো অবিলম্বে সকল হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে,ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে,নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে,যেসব নেতা-কর্মী প্রকাশ্যে নারীদের হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সকল দলের নারী-পুরুষ কর্মীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবেন,গণমাধ্যমকে এই সকল ঘটনা নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য অনুরোধ করা হচ্ছে,জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই সহিংসতার বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর নারী বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, সম্প্রতি নির্বাচনী প্রচারণায় ইসলামী ছাত্রীসংস্থাকে হুমকি দেওয়া হয়েছে এবং মহিলা জামায়াতের নারী কর্মীদের শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করা হয়েছে। লালমনিরহাট, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, ভোলা, মিরপুর, মেহেরপুর ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারণা চলাকালীন সময়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মহিলা জামায়াত ও সাধারণ নারীদের গালিগালাজ, হেনস্তা এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। যার ফলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিগত দিনগুলোতে দেখেছি নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করি দেশের সকল সচেতন নাগরিক এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। পরবর্তীতে আমাদের কোনো কর্মসূচি থাকলে আমরা অবশ্যই জানিয়ে দেব।
এ সময় সংবাদ সম্মেলনে শাখা ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
