আবাসিক বাসা থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি প্রতিনিধি, মো , আতিকুর রহমান
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এ পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ইতি মেহেরচন্ডীর ওই বাসায় তাঁর মায়ের সঙ্গে বসবাস করতেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকার একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ এর পেছনে ভূমিকা রাখতে পারে। ময়নাতদন্ত শেষে আগামীকাল সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *