যশোরে প্রথমবারের মতো সাংগঠনিক জনসভায় অংশ নিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে তাঁর যশোরে পৌঁছানোর কথা রয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে জেলা বিএনপি আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।তারেক রহমানের এই আগমনকে ঘিরে যশোরসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এই নির্বাচনী সমাবেশটি যশোরের মানুষের আবেগ ও ভালোবাসায় ‘স্মরণকালের বৃহত্তম’ জনসমুদ্রে পরিণত হবে।সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত একটি ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। তিনি জানান, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে এবং শহরবাসীর যানজট ও ভোগান্তি কমাতে এবারই প্রথম কোনো বড় সমাবেশ শহরের বাইরে আয়োজন করা হচ্ছে।
অমিত বলেন, “আমরা জনগণের জন্য রাজনীতি করি। শহরবাসীর কষ্ট যেন না হয়, সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত। এরপরও সাধারণ মানুষের সামান্য অসুবিধা হলে আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।”এই বিশাল সমাবেশ থেকে তারেক রহমান গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক বার্তা দেবেন বলে জানানো হয়:যশোরসহ পার্শ্ববর্তী সাতটি জেলার দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন।দেশ পুনর্গঠনের নতুন রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন।যশোরবাসীর দীর্ঘদিনের জলজট সমস্যা ‘ভবদাহ’ নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি লিখিত দাবিমালা তাঁর কাছে পেশ করা হবে।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।
