মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি তাঁর মতপ্রকাশকে কেন্দ্র করে ধারাবাহিক হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বাসভবনে একটি বেনামি হুমকিমূলক চিঠি পাঠানো হয়। এতে তাঁর জীবনের প্রতি হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি অধ্যাপকের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক নাহরিন ইসলাম খানের প্রতি হুমকি ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটি প্রশাসনের কাছে তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।
এর পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
