ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা

কুবি প্রতিনিধি:

যুক্তরাজ্যে অধ্যয়নরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের( কুবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই এসোসিয়েশন অব ইউকে’ ক্যান্সার আক্রান্ত নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তসলিমা হক অনন্যা এবং বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর স্ত্রীর চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ) এসোসিয়েশনটির উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিনের মাধ্যমে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের নিকট এই অর্থ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে এলামনাই এসোসিয়েশন, ইউকে এর  মূখপাত্র আবুল কালাম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের পরিচয়, আমাদের শিকড় এবং আমাদের মূল্যবোধের উৎস। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও, আমাদের হৃদয় ও দায়িত্ববোধ সবসময়ই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত। এই মানবিক দায়িত্ববোধ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ইউকে অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য এই আর্থিক অনুদান প্রদান করেছে।’

তিনি আরো বলেন, ‘এই অনুদান কোনো দয়া বা আনুকূল্য নয়; এটি একজন শিক্ষার্থীর জীবনের প্রতি আমাদের ভালোবাসা, সহানুভূতি এবং সহপাঠিত্বের বন্ধনের প্রতিফলন।আমরা বিশ্বাস করি, সম্মিলিত সহযোগিতা ও মানবিকতার শক্তিতেই একটি সমাজ এগিয়ে যায়। আজকের এই অনুদান যেন তাঁর চিকিৎসা প্রক্রিয়ায় কিছুটা হলেও সহায়ক হয় এবং তাঁকে নতুন করে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনে এই কামনাই আমাদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *