জাকসুর সার্বিক কার্যক্রম দেখতে অফিসিয়াল ওয়েবসাইট চালু

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরতে এবং শিক্ষার্থীদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাকসুর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীরা এখন থেকে জাকসুর বিভিন্ন কার্যক্রম, নোটিশ, সিদ্ধান্ত ও চলমান উদ্যোগসমূহ সম্পর্কে জানতে সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। পাশাপাশি যেকোনো সমস্যা, অভিযোগ বা গঠনমূলক পরামর্শ অনলাইনে প্রদানের সুযোগ থাকছে।

জাকসুর ওয়েবসাইটটি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে অরবিটাল (Orbeetal)।
জাকসু ওয়েবসাইটের ঠিকানা: www.jucsu.juniv.edu

এ বিষয়ে জাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, নতুন চালু হওয়া ওয়েবসাইটে জাকসুর সকল কার্যক্রম নিয়মিতভাবে দেখা যাবে। পাশাপাশি প্রতিটি বিষয়ভিত্তিক আলাদা ড্যাশবোর্ড থাকবে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের নাম-পরিচয় প্রকাশ করে কিংবা পরিচয় গোপন রেখেও ভিপি, জিএস, এজিএসসহ সংশ্লিষ্ট সম্পাদকদের কাছে মতামত, অভিযোগ ও পরামর্শ প্রদান করতে পারবেন।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা চাইলে তাদের সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ হিসেবে ভিডিও, ছবি বা প্রয়োজনীয় নথিও ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। প্রাপ্ত অভিযোগ ও মতামত দ্রুত যাচাই-বাছাই করে বাস্তবায়নের চেষ্টা করবে জাকসু।

তার মতে, এ উদ্যোগের মাধ্যমে জাকসুর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য দ্রুত ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাকসুর অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *