জাবিতে ‘আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ড. মিজানুর রহমান আজহারি

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষামূলক সংগঠন পাঠশালা-এর উদ্যোগে ‘আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

প্রধান আলোচক ড. মিজানুর রহমান আজহারী তাঁর বক্তব্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামি আদর্শ অনুসরণ করেই একজন মুসলমানকে জীবন যাপন করতে হবে। তিনি আল-কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। আজহারী বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এখানে আংশিকভাবে নয়, বরং পরিপূর্ণভাবে ইসলামকে ধারণ ও অনুশীলন করতে হবে। পছন্দ অনুযায়ী কিছু বিধান গ্রহণ করে বাকিগুলো উপেক্ষা করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আধুনিক জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি জীবনদর্শনের গুরুত্ব অপরিসীম। তাঁর আলোচনায় হালাল-হারাম, প্রোডাক্টিভিটি, ফিতরাত, শালীনতা, ধৈর্য, কৃতজ্ঞতা, তাওয়াক্কুল এবং উম্মাহর প্রতি সদয় হওয়ার মতো গভীর ও প্রাসঙ্গিক বিষয়গুলো উঠে আসে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা সহ তিনটি নতুন বিষয় চালুর সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে। পাঠশালার আয়োজনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের শিক্ষামূলক ও চিন্তনমূলক সেমিনার ভবিষ্যতে আরও বেশি আয়োজন করা হবে—এটাই প্রত্যাশা।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা। অডিটোরিয়ামের ধারণক্ষমতা কম হওয়ায় অডিটোরিয়ামের বাইরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *