জাবিতে হিম উৎসব নিয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসবকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও শিক্ষার্থীদের মধ্যে উদ্ভূত পারস্পরিক বিরোধী অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(সাধারণ প্রশাসন) মো. মাহতাব উজ জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হিম উৎসবকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটন ও নিরপেক্ষ সুপারিশসহ প্রতিবেদন দাখিলের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শফিকুল হুদা (সিন্ডিকেট সদস্য), পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক ড. আইরীন আক্তার। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আবু তালেব।

অফিস আদেশে আরও বলা হয়, তদন্ত কমিটিকে আগামী ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) রাতে ছবি চত্বরে চলমান পালাগানের একটি অংশে কুরআনের অবমাননার ঘটনায় তাৎক্ষণিক দুজন সাধারণ শিক্ষার্থী প্রতিবাদ জানালে হিম উৎসবের আয়োজকেরা তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এরপর দিবাগত রাত প্রায় দুইটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে প্রক্টরিয়াল টিমের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *