বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি (এইটি) অনুষদের উদ্যোগে আয়োজিত ইন্টার লেভেল ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ (২০২৬) শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘অ্যাপেক্স স্ট্রাইকার্স’, আর রানারআপ হয়েছে ‘ধ্রুবক ৫৯’। গত ৯ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করে। শুরু থেকেই প্রতিটি ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। গত বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। দুই শক্তিশালী দল ‘অ্যাপেক্স স্ট্রাইকার্স’ ও ‘ধ্রুবক ৫৯’-এর মধ্যকার এই লড়াই মাঠে উপস্থিত দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। শেষ পর্যন্ত চমৎকার দলগত পারফরম্যান্সের মাধ্যমে ‘অ্যাপেক্স স্ট্রাইকার্স’ জয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, দলগত চেতনা বৃদ্ধি এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সফলভাবে প্রথম আসর সম্পন্ন হওয়ায় ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
