সাইফুল ইসলাম :
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হাসানপুর রেলওয়ে স্টেশন থেকে নাঙ্গলকোট স্টেশন যাওয়ার পথে গোমকোট এলাকায় একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন জানান, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। চলার পথে গোমকোট এলাকায় পৌঁছলে হঠাৎ একটি বগির চাকা লাইনচ্যুত হয়। চালক দ্রুত বিষয়টি টের পেয়ে ট্রেন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
তিনি আরও বলেন, ঘটনার পর রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। লাইনচ্যুত বগি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় সাময়িকভাবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
