যশোরে চালডাল কর্মীদের সংকট নিরসন: বকেয়া পরিশোধ ও অভয় দিচ্ছে কর্তৃপক্ষ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
যশোরে ই-কমার্স প্রতিষ্ঠান ‘চালডাল’-এর কর্মীদের বকেয়া বেতন নিয়ে চলমান আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আজ দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চালডালের সিইও মাহাবুব এমএম মুনতাসিন এবং হেড অব মার্কেটিং লুসবুন উদিতি। সিইও জানান, ফান্ডিং সংক্রান্ত কিছু জটিলতার কারণে বেতন প্রদানে সাময়িক বিলম্ব হয়েছিল, যা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিরসন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কর্মীদের প্রতিটি যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছেছে কর্তৃপক্ষ। বর্তমানে বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরছেন।

হেড অব মার্কেটিং লুসবুন উদিতি বলেন, “সাময়িক সংকটের কারণে আমাদের ডেলিভারি সেবা কিছুটা বিঘ্নিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা আশ্বস্ত করছি, এখন থেকে গ্রাহকরা আগের চেয়েও দ্রুত ও উন্নত মানের সেবা পাবেন।”

ভবিষ্যতে এমন সংকটের পুনরাবৃত্তি রোধে একটি শক্তিশালী টিম কাজ করছে বলে জানান সিইও। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চালডালের যুগ্ম পরিচালক শাহাদত হোসেন ও আজিজুর রহমান জিকো। আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন ফেরদৌস আজমীর। কর্তৃপক্ষ সকল কর্মীকে নির্ভয়ে ও নিঃসংকোচে কাজে ফেরার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *