মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
ভোরের কুয়াশা মোড়ানো যশোর টাউন হল ময়দান আজ মুখরিত হয়েছিল শত শত তরুণের পদচারণায়। উপলক্ষ— আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘স্বাস্থ্য সচেতনতা ও আদর্শিক অঙ্গীকার’ স্লোগান নিয়ে মিনি ম্যারাথনের আয়োজন করে যশোর জেলা ছাত্রদল।সোমবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।টাউন হল ময়দান থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুড়লি মোড়ে গিয়ে সমাপ্ত হয়। আড়াই শতাধিক প্রতিযোগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে একটি উৎসবে পরিণত করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন: “আমরা কেবল একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করিনি, বরং শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশপ্রেমের আদর্শকে নতুন প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দিতে চেয়েছি।

আগামীর ‘নতুন বাংলাদেশ’ গড়তে হলে যুবসমাজকে তার দর্শন থেকে অনুপ্রেরণা নিতে হবে।”তিনি আরও উল্লেখ করেন যে, সুস্থ ও সবল জাতি গঠনের জন্য খেলাধুলা ও এ ধরনের শারীরিক কসরত অত্যন্ত জরুরি।পুরো প্রতিযোগিতাটি কারিগরিভাবে পরিচালনা করেন যশোরের পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির নেতৃত্বে ম্যারাথনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম। এছাড়া ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা ম্যারাথনে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে শহীদ জিয়ার জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয় এবং বিজয়ীদের প্রতি বিশেষ অভিনন্দন জানানো হয়।