সন্তানদের কাছে পাওয়ার আক্ষেপ: ঝিকরগাছায় না ফেরার দেশে মা


মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
মাতৃত্বের টান পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে—এই ধ্রুব সত্যটিই যেন বিষাদময় হয়ে ধরা দিল যশোরের ঝিকরগাছায়। নাড়িছেঁড়া ধনদের কাছে পেতে চাওয়ার আকুতি যখন সীমানা ছাড়াল, তখন মৃত্যুকেই বেছে নিলেন ময়না বেগম (২৫) নামে এক অসহায় মা। সন্তানদের ছেড়ে থাকার দীর্ঘ ৩ বছরের অসহ্য যন্ত্রণা শেষ হলো বিষাক্ত ‘গ্যাস ট্যাবলেটে’।
আজ সোমবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত ময়না বেগম ঝিকরগাছা উপজেলার ব্যাংকদা গ্রামের হায়দার মোড়লের মেয়ে। প্রায় তিন বছর আগে স্বামী রেজাউল ইসলামকে হারিয়ে জীবনের প্রথম বড় ধাক্কাটি খান তিনি। স্বামী হারানো শোকের চেয়েও বড় হয়ে দাঁড়ায় সন্তানদের বিচ্ছেদ। স্বামীর মৃত্যুর পর তার এক ছেলে ও এক মেয়ে থেকে যায় তাদের দাদির কাছে (পিতার বাড়ি), আর ময়নাকে ফিরে আসতে হয় বাবার বাড়িতে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্তানদের নিজের কাছে রাখতে না পারার গ্লানি আর একাকীত্বে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ময়না। আজ সোমবার সকাল ৯টার দিকে সন্তানদের জন্য ব্যাকুল হয়ে ঘরে থাকা শস্য সংরক্ষণের ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেন তিনি।
স্বজনরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। দুপুর ১২টার দিকে হাসপাতালের সাদা বিছানায় নিথর হয়ে যায় এক মমতাময়ী মায়ের শরীর।

হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
একদিকে মায়ের মৃত্যু, অন্যদিকে বাবার অবর্তমান—ময়না বেগমের দুই অবুঝ শিশু এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। এলাকাবাসীর মতে, সন্তানদের প্রতি এমন প্রবল টান আর বিচ্ছেদের এই করুণ পরিণতি ঝিকরগাছায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *