অভয়নগরে মহাসড়কে ঝরল রক্ত: অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মৃত্যুর সাথে লড়ছেন আবুল খালেক

স্টাফ রিপোর্টারঃ

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় আবুল খালেক (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।রবিবার সকাল ৯টার দিকে অভয়নগরের প্রেমবাগ গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে আবুল খালেক পারিবারিক প্রয়োজনে চেঙ্গুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের তীব্র আঘাতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত আরিফ মোল্লা নামের এক মানবিক পথচারী কালক্ষেপণ না করে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আবুল খালেকের মাথায় আঘাতটি অত্যন্ত গুরুতর। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে পড়ছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এই ঘটনায় চেঙ্গুটিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *