কনকনে ঠাণ্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

ডেস্ক রিপোর্ট, সোনালী দেশ:

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল টানা কয়েক দিন ঘন কুয়াশায় ঢাকা। সারা দিনেও মিলছে না সূর্যের দেখা। রোদের উত্তাপ না পাওয়ায় উত্তরের মৃদু হিমেল বাতাস‌ অসহনীয় হয়ে উঠেছে। কনকনে ঠাণ্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন।

বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে ভোগা রোগী।
এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা। মঙ্গলবার নওগাঁতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৬টায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.২ ডিগ্রি।
গতকাল‌ও দেশের এক বিভাগ ও চার জেলার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে মুদু (৮ থেকে ১০ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

আজ বুধবারও তা অব্যাহত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতিও অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও সূর্যের দেখা মিলতে পারে আজ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ও আগামীকাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *