কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় মানবিক ও শৃঙ্খলামূলক কার্যক্রম পরিচালনা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেন।
আয়োজক সূত্রে জানা যায়, গাউসিয়া কমিটির উদ্যোগে পদুয়ার বাজার, কোটবাড়ি বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে বাইক সার্ভিস চালু রাখা হয়।
এছাড়াও ভর্তি পরীক্ষার দিন কান্দিরপাড়, টমছম ব্রিজ, আশরাফপুর, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে স্বেচ্ছাসেবকরা কাজ করেন। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোটবাড়ি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভিক্টোরিয়া সরকারি কলেজে সেবামূলক তথ্য ও সহায়তা বুথ স্থাপন করা হয়।
ভর্তি পরীক্ষা সমন্বয়ক দেওয়ান ইরফান আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল কোনো পরীক্ষার্থী যেন ভোগান্তিতে না পড়ে এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করেছি।’
এ বিষয়ে গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আরমান হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গাউসিয়া কমিটি সবসময় মানবিক সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চায়। এই কার্যক্রমে যুক্ত সকল স্বেচ্ছাসেবকের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
