কুমিল্লায় বিএনপির গলার কাঁটা ৩ বিদ্রোহী প্রার্থী 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তিন বিদ্রোহী প্রার্থী। 

জানা যায়, কুমিল্লা-২, কুমিল্লা-৭ ও কুমিল্লা-৯ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনজন নেতা। 

কুমিল্লা-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস এম এ মতিন খান পেয়েছেন তালা প্রতীক। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম পেয়েছেন কলস প্রতীক। এখানে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন এলডিপির সাবেক মহাসচিব ড. রেদওয়ান আহমেদ।

অন্যদিকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা পেয়েছেন ফুটবল প্রতীক। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।

বিশ্লেষকরা মনে করছেন- এসব বিদ্রোহী প্রার্থীদের কারণে জয় বঞ্চিত হতে পারে দলীয় প্রার্থীরা। বুধবার (২১ জানুয়ারী) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পছন্দের প্রতীক বরাদ্দ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এই তিন বিদ্রোহী প্রার্থী। তারা প্রত্যেকেই নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, কুমিল্লার ১১টি আসনে মোট ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭৬ জন নিজ নিজ রাজনৈতিক দলের প্রতীকে এবং চারজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনজন বিএনপির বিদ্রোহী এবং একজন হাঁস প্রতীক নিয়ে প্রতিযোগিতায় রয়েছেন।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান সাংবাদিকদের জানান, কুমিল্লার ১১টি আসনে ২৫টি রাজনৈতিক দলের ৭৬ জন প্রার্থী ও চারজন স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া একজন প্রার্থী হাইকোর্টের আদেশ নিয়ে এসেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *