খুলনা বিভাগে সেরা নারিকেলবাড়ীয়া সেবা সংঘ বালিকা বিদ্যালয়: লক্ষ্য এখন জাতীয় পর্যায়ের বিজয়

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছে নারিকেলবাড়ীয়া সেবা সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। জারি গান (দলীয়) প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে খুলনা বিভাগে প্রথম স্থান অধিকার করে এখন জাতীয় পর্যায়ের লড়াইয়ে অংশ নিতে যাচ্ছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।প্রতিযোগিতার প্রতিটি ধাপে নিজেদের মেধা ও লোকজ সংস্কৃতির মুন্সিয়ানা দেখিয়ে তারা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই মুকুট পাওয়ায় বিদ্যালয় জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত অনুশীলন এবং লোকজ ঐতিহ্যের প্রতি শিক্ষার্থীদের প্রবল আগ্রহই এই সাফল্যের মূল চাবিকাঠি। জারি গানের মতো একটি ঐতিহ্যবাহী ধারাকে অত্যন্ত নিপুণভাবে উপস্থাপন করে তারা বিচারকদের মুগ্ধ করেছে।এই অসামান্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমাদের মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। খুলনা বিভাগে প্রথম হওয়া আমাদের জন্য অনেক বড় সম্মানের। এখন আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের পাশাপাশি খুলনা বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখা। আমরা সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।”নারিকেলবাড়ীয়া সেবা সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য, খুব শীঘ্রই ঢাকাতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করবে এই দল। নারিকেলবাড়ীয়ার এই মেয়েরা জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সংস্কৃতিমনা মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *