গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন জাবি শিক্ষক সমিতির

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ধন্যবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “দেড় যুগ পরে দেশের সর্বস্তরের জনসাধারণের মধ্যে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনিক নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ব পালন গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করেছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জনাব তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করায় প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতিও শুভেচ্ছা জানানো হয়।নবনির্বাচিত নেতৃত্ব সংবিধান, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার নীতিমালা অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাবি শিক্ষক সমিতি।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের আত্মত্যাগের ফলেই গণতান্ত্রিক পথে এই যাত্রা সম্ভবপর হয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নাগরিক স্বাধীনতা ও জ্ঞানভিত্তিক উন্নয়নের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *