চবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর বাবার মৃত্যু

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে এসে বাবাকে হারালেন নাশিতা তাসনিম নামের এক শিক্ষার্থী। ওই মৃত ব্যক্তির নাম ইব্রাহীম খলিল (৬০)।

শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেয়েকে নিয়ে আসার পর মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় অংশ নিতে বাবার সঙ্গে ক্যাম্পাসে আসেন নাশিতা তাসনিম। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে তাকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তার বাবা ইব্রাহীম খলিল। তারপর অসুস্থ হয়ে পড়লে তিনি শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে দ্রুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। চবি মেডিকেল সেন্টারে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে আক্রান্ত বলে জানান। উন্নত চিকিৎসার জন্য দ্রুত অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘ পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে। ‘

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “ আজ ভর্তি পরীক্ষা দিতে আসার পর এক পরীক্ষার্থীর বাবা অসুস্থ হয়ে যান। এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে নিয়ম অনুযায়ী এই ঘটনায় পরীক্ষার্থী হিসেবে তার মেয়েকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *