জবি প্রতিনিধি:
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ পরীক্ষা । ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছেন। প্রতি আসনে লড়বেন ১০২ জন পরিক্ষার্থী।
‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) জবিসহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য কেন্দ্রগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ ছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।
এ দিকে প্রবেশপত্র ডাউনলোড সমস্যা নিয়ে আইন অনুষদের ডিন খ্রীস্টিন রিচার্ডসন বলেন, যেসব শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষা গ্রহণের জন্য সব কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে। নামের তালিকা যাচাই করে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার খাতাগুলো আলাদা খামে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
