জবি’র ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল প্রকাশ ২ ফেব্রুয়ারী

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা সম্পন্ন হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২ ফেব্রুয়ারী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ বছর ‘বি’ ইউনিটে মোট ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।  প্রতি আসনের বিপরীতে লড়েছেন প্রায় ১০২ জন পরীক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকায় কেন্দ্রগুলো —ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।

মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৭২ নম্বর এমসিকিউ এবং বাকি ১৮ নম্বর এসএসসি ও এইচএসসি (সমমান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন করা হয়।

পরীক্ষা শেষে এক ভর্তিচ্ছু পরীক্ষার্থী বলেন, “প্রশ্নের মান স্ট্যান্ডার্ড ছিল। বাংলা ও সাধারণ জ্ঞান তুলনামূলক সহজ হলেও ইংরেজি কিছুটা কঠিন লেগেছে। আশা করছি ভালো ফল হবে, ইনশাল্লাহ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *