মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো দর্শন বিভাগ পুনর্মিলনী উৎসব–২০২৬।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় তিনি বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী উৎসব–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদারসহ বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে দুপুরে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বিকেলে সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণ ও আনন্দ আড্ডার পাশাপাশি শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় বিভাগের কৃতী শিক্ষার্থী এবং ক্রিকেট ও বাস্কেটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলগুলোর মাঝে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য বলেন,
“দর্শন বিভাগের এই বৃহৎ পরিবারের পুনর্মিলনীতে সবাইকে যুক্তি ও নৈতিকতাবোধের ভিত্তিতে জীবন পরিচালনার আহ্বান জানাই। সততা ও সাহসের সঙ্গে ব্যক্তিজীবন, দেশ ও জাতির কল্যাণে দর্শন শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, শিক্ষার্থী কল্যাণ কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক জাকির হোসেন, দর্শন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মনজুর ইলাহী, দর্শন এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক মতলুবর রহমান রাসেল।
দর্শন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন,
“দর্শন বিভাগ পুনর্মিলনী উৎসব–২০২৬ সফলভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর, জাকসুসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে এবং বিভাগের কল্যাণে আমরা সবসময় পাশে থাকব।”
সম্মাননা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ কনসার্টের মধ্য দিয়ে দর্শন বিভাগ পুনর্মিলনী উৎসব–২০২৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
….
