মোহাম্মদ বায়জিদ হোসাইন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স ২০২৬’-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)। দেশের সরকারি ও বেসরকারি ১৯টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে কনফারেন্সের পোস্টার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
গত ১৬ ও ১৭ জানুয়ারি রাবিপ্রবি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই জাতীয় পর্যায়ের ট্যুরিজম কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সের দ্বিতীয় দিন (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশনের ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ-এর এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী রায়হানুল বিনতে মতিন ও আকিব জাবের অনিক-এর সমন্বয়ে গঠিত টিম চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন রাবিপ্রবি’র তৌফিক হাসান এবং দ্বিতীয় রানারআপ হন জিসান আহমেদ। বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
পোস্টার প্রেজেন্টেশনে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি একাডেমিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। কনফারেন্সের প্রথম দিন (১৬ জানুয়ারি) মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম প্লেনারি সেশনে
‘Tourism Research Tomorrow: Introducing a Community-led Research Approach to Sustainability Indicator System’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। এছাড়া দ্বিতীয় দিন (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেশনে তিনি সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
“Tourism Tomorrow: Nature’s Next Fleck to Explore” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সমাপনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল।
দুই দিনব্যাপী এই জাতীয় সম্মেলনে টেকসই পর্যটন, ইকো-ট্যুরিজম, ব্লু ইকোনমি, পর্যটনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বিগ ডাটার ব্যবহার, কমিউনিটি-ভিত্তিক পর্যটনসহ বিভিন্ন সমসাময়িক ও গবেষণাধর্মী বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ দেশের শীর্ষস্থানীয় ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন।
