প্রতিনিধি:
মোহাম্মদ বায়জিদ হোসাইন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গবেষণা খাতে ২০২৫–২৬ অর্থবছরের জন্য প্রদত্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (NST) অর্জন করেছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ১৭ জন শিক্ষার্থী। মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌস আহাম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়।
মেধা ও গবেষণাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এই ফেলোশিপ লাভ করেন। এর মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে ৬ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞানে ৩ জন এবং ভৌতবিজ্ঞানে ৮ জন শিক্ষার্থী ফেলোশিপপ্রাপ্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ৫৪ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে।
উল্লেখ্য, গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ১৯৭৭–৭৮ অর্থবছর থেকে নিয়মিতভাবে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান—এই তিনটি ক্যাটাগরিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করে আসছে।
প্রতিবছর একটি নির্ধারিত কমিটির মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের ভিত্তিতে এই সম্মানজনক ফেলোশিপ প্রদান করা হয়।
এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির গবেষণা ক্ষেত্রে ক্রমবর্ধমান সাফল্য ও সম্ভাবনার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
