জাবিতে দায়িত্ব পালনকালে সাংবাদিক হেনস্থার অভিযোগ, প্রক্টরের কাছে লিখিত আবেদন

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিক শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী সাংবাদিক আরিফুর রহমান।

আরিফুর রহমান জাবির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

রোববার (০৮ ফেব্রুয়ারি) তিনি প্রক্টর বরাবর এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে শহীদ মিনার সংলগ্ন সড়কে সংবাদ সংগ্রহের সময় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইমন, দর্শন বিভাগের ৪৮ ব্যাচের মো. সাহানুর রহমান সানজুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

তিনি জানান, সাংবাদিক পরিচয় নিশ্চিত করার পরও অভিযুক্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণকৃত ফুটেজ পরীক্ষা করেন এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তার ক্যামেরা ও লেন্স ক্ষতিগ্রস্ত হয়। পরে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিবসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।

আরিফুর রহমান আরও অভিযোগ করেন, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও অভিযুক্তরা পুনরায় ঘটনাস্থলে এসে তাকে হুমকি প্রদান ও ভীতিপ্রদ আচরণ করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এ ধরনের হামলা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতার পরিপন্থী। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তার ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *