ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন আগামীকাল

মোঃ তাহমিদুর রহমান, জাবি প্রতিনিধি:

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১৩তম সমাবর্তন আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনের পর থেকে ফল সেমিস্টার ২০২৫ পর্যন্ত সময়ে উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

আগামীকাল বুধবার সকাল ১০টায় সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন অর্থনীতিবিদ, ব্র্যাকের চেয়ারপারসন, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

উল্লেখ্য, সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয় এবং তা ১৮ জানুয়ারি পর্যন্ত চলমান ছিল। এবারের সমাবর্তনের মাধ্যমে বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হবে।

….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *