তারেক রহমানের অনুকরণে মেধাবীদের সম্মান জানালেন বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব শফিক

বাকৃবি প্রতিনিধি:

সিআইজিআর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৫–২৬-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলের চার শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছেন। ওই প্রতিযোগিতাটি ইন্টারন্যাশনাল কমিশন অব এগ্রিকালচারাল অ্যান্ড বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং (সিআইজিআর) আয়োজন করেছিল।

শিক্ষার্থীদের এই সাফল্যে তাদের সংবর্ধনা প্রদান করেছে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি। অনুষ্ঠানে সংগঠনটির সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম বিজয়ীদের সংবর্ধনা প্রদান করেন। এসময় শহীদ নাজমুল আহসান হলের বিভিন্ন হল থেকে আমন্ত্রিত ছাত্রদলের নেতাকর্মী, জুনিয়র শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শাখা ছাত্রদলের সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মেধাবীদের সবসময় অনুপ্রাণিত করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রীতিভোজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও দৃঢ় করতে চাই। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অন্যদের ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই মেধাবীরা দেশ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখুক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বাকৃবি ছাত্রদলের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

জানা যায়, ওই প্রতিযোগিতায় ‘সিস্টেম ম্যানেজমেন্ট’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন তানভীর হোসেন। ‘এনার্জি ইন এগ্রিকালচার’ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন হোরাইরা রেজন ও শোয়াইব আহমেদ সোটেজ। এছাড়া ‘স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্ট’ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন সাবিদুর রহমান শেজান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *