নানা আয়োজনে যবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

যবিপ্রবি প্রতিনিধি : ইমরান হোসেন

বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণসহ নানান সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অস্থায়ী মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এসময় তিনি বলেন, ধর্ম-বর্ণ, শ্রেণি-গোত্র নির্বিশেষে আমাদের যে মানবিক বন্ধন তৈরি হয়েছে, তা ধরে রাখাই আমাদের প্রধান অঙ্গীকার। কোনো ভেদাভেদ নয় মানুষ হিসেবে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন ও সহনশীল হতে হবে। প্রতিটি ধর্মই সত্য, সততা ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। সত্য ও নৈতিকতার পথে চললে সমাজ সুন্দর হয়, দেশ সুন্দর হয়, মানুষও সুন্দর হয়ে ওঠে। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয় বরং ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। ধর্মের এই মানবিক শিক্ষাই একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. চঞ্চল কুমার কুন্ডু, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রনি মল্লিক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শুভ দেব, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর ও বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফার রাজিব কুমার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যবিপ্রবি শিক্ষার্থী অনুশ্রী পল অইশি ও সাদ্রিতা সরকার শোষি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *