নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখম করল ‘কুলাঙ্গার’ ছেলে

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় মাদকের টাকার জন্য নিজের জন্মদাতা বাবা-মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে এক যুবক। সোমবার (২৬ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার সাতমাইল-হৈবতপুর রোড এলাকায় এই নারকীয় ঘটনা ঘটে।
আহতরা হলেন— ওই এলাকার বাসিন্দা আছির উদ্দিন (৭০) এবং তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৬০)। বর্তমানে তাঁরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আছির উদ্দিনের ছোট ছেলে সাদ্দাম (২৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়িতে মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। সোমবার ভোররাতে সে ঘুমন্ত মা-বাবার কাছে নেশার টাকা দাবি করে। তাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদ্দাম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।প্রথমে সে লাঠি দিয়ে তাঁদের বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে ঘর থেকে ধারালো বটি এনে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। বৃদ্ধ মা-বাবার আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে সাদ্দাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আছির উদ্দিন ও রোকেয়া বেগমের মাথায় ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে আছির উদ্দিন পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া বেগম মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক না হলেও শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মাদকের এমন ভয়াল থাবা থেকে সমাজ ও পরিবারকে রক্ষায় এখনই কঠোর সামাজিক ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *