মোঃ তৌফিকুল ইসলাম
নোবিপ্রবি প্রতিনিধি
বিজ্ঞানের অনুসন্ধান ও জ্ঞানের বিকাশে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণায় হাতেখড়ি ২০২৬’। সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ আরও অন্যান্য শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বিশ্ব আজ গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষা দিয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যদি স্নাতক পর্যায় থেকেই গবেষণার সঙ্গে যুক্ত হয়, তাহলে তারা আন্তর্জাতিক পরিসরেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।”
প্রধান উপদেষ্টার বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “গবেষণা কোনো একদিনে শেখা যায় না; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা তৈরি করাই গবেষণার প্রথম ধাপ।”
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, গবেষণায় সফলতার জন্য ধৈর্য ও নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. কাউসার হোসেন এবং সহকারী অধ্যাপক আব্দুল করিম। তারা গবেষণার মৌলিক ধারণা, গবেষণা প্রশ্ন নির্ধারণ, প্রপোজাল লেখা এবং গবেষণা প্রবন্ধ প্রকাশের কৌশল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া বিএমবি ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম বলেন, “গবেষণা নিয়ে আমাদের অনেক প্রশ্ন ছিল। আজকের সেশনগুলো গবেষণার পথচলা বুঝতে সাহায্য করেছে।”
বিজিই বিভাগের আরেক শিক্ষার্থী জুবায়ের বলেন, “স্নাতক পর্যায়ে গবেষণার হাতেখড়ি পাওয়ার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতে গবেষণায় যুক্ত হতে আমরা এখন বেশি আত্মবিশ্বাসী।”
শিক্ষার্থীরা আরও জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক একাডেমিক পরিবেশ আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে নোবিপ্রবির বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজনে সহযোগী হিসেবে ছিল এবিএস রিসার্চ একাডেমি।মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, আমার দেশ, দ্য ডেইলি ক্যাম্পাস, নয়াদিগন্ত ও এশিয়ান টেলিভিশন।
