বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইউনিটের আয়োজনে বরিশাল জোনে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর এবং নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট।
বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক জুঁই মনির সঞ্চালনায় এবং সভাপতি আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এবং বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের শিক্ষা উপদেষ্টা রহিমা নাসরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইশরাত জাহান লিজা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক। এছাড়াও বাঁধনের সাবেক ও বর্তমান সদস্য ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং কমিটির সদস্যদের সম্মাননা স্মারক দ্বারা বরণ করে নেওয়া হয় এবং ২০২৫ সেশনে সংগঠনটির কার্যক্রম বর্ণনা করা হয়। এ সময়ে সংগঠনটির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক তাদের আয় ব্যয় ও কার্যক্রম বর্ণনা করেন।
নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেন জাকির তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়েছি তবে বাঁধনের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইশরাত জাহান লিজা বলেন, বাঁধন এমন একটা সংগঠন যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। যেখানে আমরা সেচ্ছায় কোনো স্বার্থ ছাড়াই মানুষকে সাহায্য করে থাকি।
সভাপতির বক্তব্যে বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি আল-আমিন বলেন, দীর্ঘ সময় আপনাদের সাথে কাজ করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নতুন কমিটিকে শুভকামনা রইল।
প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, সারাদেশে বাঁধন এখন পর্যন্ত প্রায় ১২ লক্ষ্য ব্যাগ রক্ত ম্যানেজ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫২টি সংস্থা রয়েছে তার মধ্যে বাঁধনকে তিনি সর্বত্র এগিয়ে রাখবেন।
সভাপতির বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম সম্পন্ন করা হয়।
