বাঘারপাড়ায় কাজল ও সোহাগের বহিষ্কার দাবিতে ঝাড়ু মিছিল

যশোর প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী সোহাগের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে যশোরের বাঘারপাড়া। এই দুই নেতার সাংগঠনিক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘সচেতন বাঘারপাড়া নারী সমাজ’।সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রধান সড়কগুলোতে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) সংসদীয় আসনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল দলের দীর্ঘদিনের ঐক্য বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও নূরে আলম সিদ্দিকী সোহাগের সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ডে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হয়েছে, যা প্রকারান্তরে দলের ভাবমূর্তিকে সংকটে ফেলছে।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দলের ভেতরে অবস্থান করে যারা বিভাজন ও ষড়যন্ত্রের রাজনীতি করছেন, তাদের আর ছাড় দেওয়া হবে না। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি— অবিলম্বে এই দুই নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দলকে কলঙ্কমুক্ত করা হোক।”আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের বৃহত্তর স্বার্থ রক্ষায় তারা রাজপথে ঐক্যবদ্ধ। যেকোনো ধরণের ষড়যন্ত্র রুখে দিতে এবং অভিযুক্তদের বহিষ্কার না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *