বাঘারপাড়ায় জালিয়াতি চক্রের মূল হোতা বিপ্লব আটক: ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের সাহসী পদক্ষেপ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ

যশোরের বাঘারপাড়া উপজেলায় ভূমি অফিসের জাল পর্চা (খতিয়ান), দাখিলা ও ডিসিআর তৈরির শক্তিশালী জালিয়াতি চক্রের মূল হোতা বিপ্লব কুমারকে আটক করা হয়েছে। ধলগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামের তৎপরতায় এই জালিয়াতি চক্রের পর্দা উন্মোচিত হয়।সূত্র মতে, দীর্ঘদিন ধরে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় একটি চক্র ভুয়া সিল ও সই ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিল। তারা মোটা অংকের টাকার বিনিময়ে সাধারণ মানুষের হাতে ভুয়া দাখিলা ও জাল ডিসিআর তুলে দিত। বিষয়টি নজরে আসার পর ধলগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম কৌশলী অবস্থান নেন।

আজ ১৯ জানুয়ারি(সোমবার) জালিয়াতির প্রমাণসহ চক্রের প্রধান বিপ্লবকে হাতেনাতে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে বেশ কিছু ভুয়া পর্চা ও জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।অভিযান প্রসঙ্গে ধলগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,”ভূমি সেবা ডিজিটালাইজড হওয়ার পর জালিয়াতির সুযোগ কমে গেছে। কিন্তু এই চক্রটি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভুয়া কাগজ দিচ্ছিল। আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং অবশেষে মূল হোতাকে শনাক্ত করতে সক্ষম হই। সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখতে আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”উপজেলা ভূমি অফিস ও স্থানীয় প্রশাসন এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।ভূমি অফিস থেকে জানানো হয়েছে, খতিয়ান বা ডিসিআর সঠিক কি না তা এখন ঘরে বসেই অনলাইন পোর্টালে যাচাই করা সম্ভব। দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করার জন্য জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *