মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল নিরসন ও ধানের শীষের বিজয় ত্বরান্বিত করার লক্ষ্যে বাঘারপাড়ায় এক গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি মিলনায়তনে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা ব্যক্তিগত ও রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার শপথ গ্রহণ করেন।বৈঠকে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দল থেকে মনোনীত মতিয়ার রহমান ফারাজী ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে দীর্ঘদিনের মান-অভিমান ও দূরত্ব ঘুচিয়ে একটি শক্তিশালী সমন্বয় সেল গঠন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি ৮৮ যশোর-৪ বাঘারপাড়া(অভয়নগর-বসুন্দিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজি বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়। আমরা আজ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হলাম।”বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান এবং সাধারণ সম্পাদক শামছুর রহমান তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এখন আর ঘরে বসে থাকার সময় নেই। পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি করতে হবে।”সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা বিএনপির অন্যতম নেতা:বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র আঃ হাই মনা,বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান,বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী।গুরুত্বপূর্ণ এই সভায় আরও উপস্থিত ছিলেন,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।সভায় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলেন এবং যেকোনো মূল্যে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার অঙ্গীকার করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা বৈঠকের ফলে বাঘারপাড়া বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হবে।