বাঘারপাড়ায় মাজেদুলের ‘কুল’ বিপ্লব: ডালে ডালে ঝুলছে সাফল্যের সোনালী স্বপ্ন

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ

যশোরের বাঘারপাড়া উপজেলার ৭নং দারাজহাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সৈয়দ মাহমুদপুর। এক সময় যে মাঠ ছিল সাধারণ ফসলের খেত, আজ সেখানে চোখ জুড়িয়ে যায় সারি সারি কুল গাছের নয়নাভিরাম দৃশ্য দেখে। স্থানীয় সফল উদ্যোক্তা মোহাম্মদ মাজেদুল ইসলাম তার মেধা ও হাড়ভাঙা খাটুনি দিয়ে গড়ে তুলেছেন এক বিশাল কুল বাগান, যা এলাকায় রীতিমতো ‘কুল বিপ্লব’ ঘটিয়ে দিয়েছে।সৈয়দ মাহমুদপুর কমিউনিটি ক্লিনিকের ঠিক পাশেই মাজেদুলের এই সবুজ সাম্রাজ্য। বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে:প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে উন্নত জাতের কুল। কোনোটি আপেলের মতো টকটকে লাল, কোনোটি আবার হালকা সবুজাভ।ফলন এতই বেশি যে, ভার সইতে না পেরে ডালপালা নুয়ে পড়ছে মাটির দিকে।

আব্দুল জলিল বিশ্বাসের ছেলে মাজেদুল ইসলাম প্রমাণ করেছেন, কৃষিতে আধুনিক পদ্ধতি ও ধৈর্য থাকলে ভাগ্য বদলানো সম্ভব। মাজেদুল জানান:”সঠিক সময়ে সুষম সার, নিয়মিত পরিচর্যা আর রোগবালাই দমনে সঠিক কীটনাশক ব্যবহারের ফলেই এ বছর আশাতীত ফলন হয়েছে। বাজারমূল্য যদি অনুকূলে থাকে, তবে এবার এই বাগান থেকে বড় অংকের মুনাফা ঘরে তুলব বলে আশা করছি।”মাজেদুলের এই সাফল্য শুধু তার নিজের ভাগ্যে পরিবর্তন আনেনি, বরং এলাকার বেকার যুবকদের জন্য তৈরি করেছে নতুন কর্মসংস্থানের দিশা। প্রতিদিন স্থানীয়রা ছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এই বাগান দেখতে। অনেকে মাজেদুলের থেকে নিচ্ছেন পরামর্শ, শিখছেন কীভাবে আধুনিক পদ্ধতিতে কুল চাষ করে স্বাবলম্বী হওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *